name
প্রথম পাতা কবিতা  

 

 

সৈয়দ তওফিক

 

অন্যান্যদের কবিতা

অনির্বান পাল

পুলক গাঙ্গুলী

বিপ্লব সেনগুপ্ত

মোজাম্মেল হোসেন ত্বোহা

রংগীত মিত্র

রুদ্র পতি

শেখ নজরুল

সৈয়দ তওফিক

 

 

হরতালের দিন

অবরোধের কর্মসূচি
চলে মহা ধুমধামে
রাজধানীর রাজপথে টায়ার
পোড়ে উন্মত্ত বিক্ষোভে

অফিসে ফাইল-পত্র পড়ে থাকে স্তুপীকৃত
এমন দুর্যোগের দিনে কাজে আসতে ভয়

অদ্ভুত নিয়মে গা-সওয়া মানুষ
কথা বলে টিভির সাথে
ডিভিডি দেবতা আর
দিবানিদ্রা আজ উপস্থিত দ্বারে

বেলা গড়ায়
নিরাসক্ত দিন পশ্চিমমুখী হয়
গলির মুখে শুরু হয় আড্ডার জটলা
দিনের পরিবেশ, পরিস্থিতি --- এই সব

টুকটাক কথা বেড়ে হয় মহা বাকবিতন্ডা

তিক্তমুখে যে যার ঘরে ফেরে
মাথায় মাথায় সবার একই চিন্তা
"এই দেশটা এরা সব রসাতলে নেবে,
একটা নতুন দল বানাই।"

 

প্রত্যাশার প্রান্তে

কিছু কিছু চাওয়া একান্ত নিজের
    কিছু চাই মনের সাথীটির সাথে
কিছু চাওয়া ঘোষণা করি প্রকাশ্যে
    আদায় করতে চাই হাতে হাতে

কিছু কিছু চাই অতি সঙ্গোপনে
    মুখ ফোটে না --- এমন লজ্জায়
কিছু আবার চাইতে কুন্ঠা করি না
    চাইতে চাইতে দিন চলে যায়

সমাজের কথাও ভাবি মাঝে মাঝে
    সবার মঙ্গলার্থেও কিছু চাওয়া থাকে
তাই ভেবেই কি জনসভায় আর মিছিলে
    নেতারা সব আস্ফালন করে হাঁকে?

কিছু চাওয়া হয় ছোট ছোট দলে
    তাই নিয়ে করি বেজায় দলাদলি
চাওয়াতে পাওয়াতে লাগে সংঘর্ষ
    সেই নেশায় হিতাহিত জ্ঞান ভুলি

পৃথিবীর বুকে জানা-অজানার ভিড়ে
    ভাবি বসে প্রত্যাশার প্রান্তে
চাওয়া-পাওয়ার কত উপরে জীবনের মূল্য
    এখনও কি পারিনি সেটা জান্‌তে?