|
সাদা অন্ধকারে ডুবে থাকা ভোর। হাত পা নেই,
অথবা অদৃশ্য। কেবল মগজ স্থির চোখে তাকিয়ে।
বঁটির ইস্পাতে কুচো হচ্ছে ঘুম ও ভোর রাতের স্বপ্নরা
যার কোনটাই সত্যি হয়না।
পাঁচফোড়নের গন্ধে কুয়োতলায় ছলাৎ
ধোঁয়ার চুমুকে কুয়াশা মজ্জা কাঁপিয়ে তোলা –
একেই অভ্যাস বলো, আর মরশুমি হাওয়ায়
উড়ে যায় ঠোঁট থেকে গোলাপ তারল্য।
একহাত চওড়া নদীতে এক জীবন জল
টলমল করে উঠে শীতের হাঁমুখে ঢুকে যায়
আর উগরে দেয় বালি, অবিকল কুয়াশা রং
তারপর সমস্ত দিন ধরে উড়ে উড়ে
দাঁতে জিভে থালায় বালিশে ---। |