name
  সাহিত্য, সমাজ ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা প্রথম বর্ষ | প্রথম সংখ্যা

 

  • প্রতর্ক্য
  • কবিতা
  • গল্প
  • নিবন্ধ
  • মনের ঘুড়ি
  • আমাদের কথা
  • লেখক পরিচিতি
  • মতামত
  • আলোচনা
  • লেখা পাঠান
  • বাংলায় লিখুন
  • আর্কাইভ
  • সম্পাদকীয়

    সকাল বৃষ্টিধোওয়া। বহুপ্রসূ মেঘ তখনও অপেক্ষায়। হঠাৎ ধারাকারে নীল ভাঙে বিস্তারে। ফিসফাসে ঝিকিয়ে এলম্। দেবদারুর দীর্ঘ বাহু উপেক্ষা করে কনিফারের হাসি ঝকমকিয়ে ওঠে অপরিসীম আত্মবিশ্বাসে। আমরাও। দৃষ্টি মেলেছে বহু প্রতীক্ষিত আমাদের প্রচেষ্টায় সন্দীপ্ত বীক্ষণ, অবশেষে। আন্তর্জালে মেলবোর্ণ থেকে বাংলা ভাষায় প্রকাশিত সাহিত্য, সমাজ ও সংস্কৃতি বিষয়ক প্রথম পত্রিকা এই বীক্ষণ। বিশ্বাস ও অবিশ্বাসের দোলায় দুলতে দুলতে বেশ কয়েকবারই মনে হয়েছে এর কী সত্যিই কোনো প্রয়োজন ছিল? তবু এই বীক্ষণ, কেন?

    দিনযাপনের সুচারু বিন্যাসে স্বেচ্ছাচারী সময় নির্মম বড়। বল্গাহীন ছোটে। চেতনার যদৃচ্ছ বলাৎকারও ঘটে অবিরাম। ছোবল মুহূর্তের বিস্বাদ ঝেড়ে জীবনও গতিময় একই নিয়মে। শ্রান্ত দুপুরের সবুজ পূর্ণতা ভালোবাসা ছোঁয়। সুবর্ণ বলয় ঘিরে ফেলে দিনান্ত। তবু কোনও এক গাঢ় অন্ধকারে অভিমানী মূর্ছনা ছড়িয়ে পরে কোষে কোষে। বহু বছর বিদেশ বাসের পরেও বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি পুরনো বন্ধন আঙুল দেখায় আমাকেও, যেমন আরও অনেককে। তাই চেনা, প্রায়-চেনা ও অচেনা সমমনস্ক সাথী-বন্ধুসহ এই প্রচেষ্টা। বাংলা সাহিত্য ও সমাজভাবনায় ধাক্কা দেওয়ার গূঢ় কোনো অভিসন্ধি নেই এই পত্রিকার। বীক্ষণ নতুন বীক্ষায় বাংলাসাহিত্যকে সৃজনশীলতার অন্য এক মাত্রায় পৌঁছে দেবে। সাহিত্য ইতিহাসে সাক্ষী হবে বীক্ষণ। শুধু এই বিশ্বাস।

    গল্প, কবিতা ও নিবন্ধ সমৃদ্ধ প্রথম সংখ্যাটি বিষয়ে ও লিখনে বিস্ময়কর। একমুখী তীক্ষ্ণতায় রচিত জীবনকথা যেমন মন ভরাবে তেমনি অবশ্যম্ভাবী কিছু প্রশ্ন ও প্রতিবাদ পরিপূর্ণ দৃষ্টিতে দেখতে সাহায্য করবে পাঠককে। বিশ্লেষনী ও তথ্যধর্মী রচনা থেকে পাঠক খুঁজে পাবেন ভাবনার বীজ। এরকম দুয়েকটি রচনা সংগৃহীত হয়েছে উত্তরবঙ্গের একটি ছোট পত্রিকা "বৈতানিক'' থেকে শুধুমাত্র নতুন পাঠকের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। জীবন অভিজ্ঞতা ও গহীন বোধ সমৃদ্ধ কবিতাগুলিতে প্রতিফলিত পাঠকেরও সেই অপরূপ মুহূর্ত। এমনটাই আমাদের আশা। এই প্রয়াসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসকারী বাংলা ভাষার লেখক, কবি ও শুভানুধ্যায়ীদের অভূতপূর্ব সাড়ায় আমরা অভিভূত ও কৃতজ্ঞ।

    পাঠক, এবার চাই আপনাদের সহযোগিতা। পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, আসুন আমরা বীক্ষণ কে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে সাহায্য করি সৃজনের ভবিষ্যতে। আপনারাই হয়ে উঠুন লেখক ও পাঠক।   সৃষ্টি করুন আমাদের অদেখা, অজানা, অচেনা সেই বোধ ও অভিজ্ঞতাসমৃদ্ধ সাবলীল ও বলিষ্ঠ রচনা যা একান্তই আপনার। রচনার গুনগত মান একমাত্র মাপকাঠি। এবং বলুন, বীক্ষণ সম্পর্কিত যে কোনো ধরনের মতামত ও ভবিষ্যতে কী দেখতে চান বীক্ষণের পাতায়। আমরা সাগ্রহে অপেক্ষায়। বছরে অন্তত চারটে সংখ্যা আমরা প্রকাশ করতে পারব এই আশা রাখি। পরবর্তী সংখ্যা ফেব্রুয়ারীতে।

    বীক্ষণের পক্ষ থেকে লেখক, পাঠক এবং অন্যান্য সবাইয়ের জন্য রইলো,

    শুভকামনা

    সুচেতা মিশ্র
    নভেম্বর, ২০০৬



     

     

     

     

    banglahelp