name
প্রথম পাতা আপনাদের মতামত  

 

 

 

বীক্ষণের প্রথম সংখ্যা প্রকাশিত হওয়ার পর মতামত জানিয়ে ব্যক্তিগতভাবে অনেকেই চিঠিপত্র পাঠিয়েছেন, সমস্ত প্রকাশ করা সময়সাপেক্ষ শুধু নয় অসম্ভব প্রায়। একটা কথা বলতে চাই, কোন লেখা বা পত্রিকা শুধুমাত্র ভালো লেগেছে বা খারাপ লেগেছে না বলে কেন ভাল লেগেছে কিংবা কেন খারাপ লেগেছে জানালে আমাদের বুঝতে সুবিধে হবে। এই সংখ্যায় মাত্র কয়েকজনের মত তুলে দিলাম। ধন্যবাদ সবাইকে।
সম্পাদক 
 
বীক্ষণের প্রথম সংখ্যা খুব ভাল হয়েছে। চেনা-জানা অনেকের কবিতা পেলাম। গোমেজ, রোহন এদের কবিতা পেয়ে ভাল লাগলো।
জহিরুল ইসলাম, বাংলাদেশ।
 
বীক্ষণ দেখলাম। চমৎকার, চালিয়ে যান। বিজ্ঞানের কিছু কি সংযোগ করবেন? তাহলে আপনাদের সাথে যোগ দিতে পারতাম।
ডঃ মশিউর রহমান, ইউ এস এ।
 
বীক্ষণের পরবর্তী সংখ্যা কবে পাচ্ছি। এই সংখ্যায় রিমি দে, দেবাশিষ বাগচীর কবিতা এবং বিপুল দাস সহ সকলের লেখাই ভাল লাগলো।
শুভেন্দু পাল, মালদা, পশ্চিমবঙ্গ।
 
বীক্ষণ পড়ে ভাল লেগেছে। পরিস্কার-পরিচ্ছন্ন সাইটের লুকস। কবিতা ও গল্প ভাল লাগলো। আর্যনীল মুখোপাধ্যায় – এর লেখা ভাল লেগেছে। অভিজিৎ মজুমদারের লেখা পড়ে অনেক কিছু বিশদে জানতে পারলাম। সব্যসাচী সরকারের লেখাও ভাল হয়েছে।
বনানী রায়, কোলকাতা, পশ্চিমবঙ্গ।
 
আপনাদের ম্যাগাজিন পড়লাম। ভাল হয়েছে। লেখার মান যথেষ্ঠ ভাল। বিশেষ ভাবে ভাল লেগেছে অভিজিৎ মজুমদার ও সব্যসাচী সরকারের নিবন্ধ। এ ধরণের লেখা আরও পেতে চাই।
তনুশ্রী রায়, কোলকাতা, পশ্চিমবঙ্গ।
 
বীক্ষণের প্রথম সংখ্যা দেখলাম। কয়েকটি লেখা অত্যন্ত ভাল হয়েছে। তবে গল্প ও কবিতা বাছাইয়ে একটু নজর দিলে ভাল হয়। কয়েকটি বানান ভুল চোখে পড়লো। আশা করি পরের বার এদিকে একটু নজর দেবেন।
সুব্রত চট্টোপাধ্যায়, কোলকাতা, পশ্চিমবঙ্গ।
 
বীক্ষণ দেখলাম। এখনো সম্পূর্ণ পড়ে উঠতে পারিনি। কোথায় যেন একটা নিরাভরণ ঋজুতা আছে, যেটা ছোট ম্যাগাজিনের জন্য খুব দরকার।
কাঞ্চন সরকার, টরন্টো, কানাডা।
 
বীক্ষণ দেখলাম। খুব ভাল লাগলো।
বিপ্লব সেনগুপ্ত, মালদা, পশ্চিমবঙ্গ।
 
অণুবীক্ষণে বীক্ষণ
বাংলা সাহিত্য ও সমাজ চিন্তাকে পালটে দেয়ার বিপ্লবী ভাবনা নয়, বরং সাহিত্য ইতিহাসে সাক্ষী হওয়ার সুকোমল বিশ্বাস নিয়ে ইন্টারনেটে প্রকাশিত হয়েছে ই-পত্রিকা 'বীক্ষণ'। সমাজ ও সংস্কৃতির সমকালীন ছায়ার পাশাপাশি জনপদ ছোঁয়ার স্বার্থক প্রয়াস লক্ষ্য করা গেছে বীক্ষণের প্রথম সংখ্যায়। সুখপাঠ্য সব কবিতা, গল্প আর নিবন্ধের এ সংকলন নি:সন্দেহে আগ্রহী পাঠকের দৃষ্টি আকর্ষণ করবে।
 
এগারো জন কবির বাইশটি কবিতা স্থান পেয়েছে বীক্ষণের সূচনা সংখ্যায়। উত্তরাধুনিক ভাবনায় বিমূর্ত কবিতা নির্মাণে জটিল শব্দ প্রয়োগে কবিতা যাদের কাছে বোধগম্যতার বাইরে বিষয় হয়ে যায়, কিংবা (আমার মতো) যারা কবিতা কম বুঝেন তাদের কাছেও ভালো লাগবে বীক্ষণের কবিতাগুলো। জয়িতা গাংগুলীর 'রান্নাঘরে সুচেতনা', শরৎ চৌধুরীর 'ব্র্যান্ড', কৌশিক আহমেদের 'আমি তোমাকেই জনমত ভাববো' কিংবা রোহণ কুদ্দুসের 'পিতা'; সাধারণ পাঠকের মন ছুঁয়ে যাবে নিমেষে।

গল্প পড়ুয়াদের জন্য রয়েছে চারটি দূর্দান্ত ছোট গল্প। বিপুল দাসের 'কান্নায় আলাদা মাত্রা এনে দেয়' ও সুমেরু মুখোপাধ্যায়ের 'বন্দুকের নলই ক্ষমতার প্রকৃত উৎস' গল্পের সুবিনয়-সুমনরা পাঠকের সামনে অনেক গুলো প্রশ্ন ছুঁড়ে দেয়। জীবনের ভগ্নাংশ প্রকাশ পায় অন্য মাত্রায়। এ রকমই আরেকটি গল্প 'রাহেলা'; নিঘাত সুলতানা তিথির ঝরঝরে গদ্যে উঠে এসেছে সামাজিক কাঠামোয় নিপীড়িত নারী জীবন। তবে সবকিছুকে ছাপিয়ে হাসান মোরশেদের 'শুন্য কড়চা' জ্বলজ্বল করে বীক্ষণের গল্প ভান্ডারে। অসাধারণ ভাষাশৈলী, গল্প বলার দূর্দান্ত দক্ষতা পাঠককে প্রথমেই কব্জা করে। এক পর্যায়ে "...অরুনারে, কতো বুদ্ধ, কতো মুহম্মদ, কতো যীশু এলেন গেলেন। সমুহ বিপন্নতা থেকে তবু মানুষের পরিত্রান হলো কই? কতো দর্শন, কতো ধর্ম, কতো তন্ত্র! তবু হত্যা, তবু ধবংস তবু হাহাকার" পড়ে পাঠক চমকে যায়। আবার প্রথম থেকে পড়া শুরু করে। এরপরও মনে হয় - কী জানি কি বাকী রয়ে গেল! গল্পের মুগ্ধতার রেশ থেকে যায় অনেকক্ষণ...।

অনলাইনে বসে বড় লেখা পড়ার অভ্যাস আপাত: দৃষ্টিতে দূর্লভ। এছাড়াও প্রবন্ধ পড়ার প্রতি পাঠকের আগ্রহ কমে যাচ্ছে; কথাটি স্বীকার করেই পাঁচটি নিবন্ধ ছাপিয়েছে বীক্ষণ। বৈশিষ্ট্যের দিক থেকে সবকটি লেখাই উঁচু মানের। গবেষণা ধর্মী লেখাগুলো চমৎকারভাবে সামাজিক সংকট ও সম্ভাবনাকে প্রকাশ করে। বিশেষভাবে অভিজিৎ মজুমদারের " 'উন্নয়নের' সন্ত্রাসবাদ: এক উত্তর বঙ্গীয় উপাখ্যান" এবং সব্যসাচী সরকারের "তাড়িত আর্সেনিক" পাঠকের মনে চিন্তার খোরাক যোগাবে। সীমানা পেরিয়ে সমস্যা সমাধানে সহযোগী নিবন্ধগুলো প্রকাশ অব্যাহত থাকবে - এমনটাই পাঠকের প্রত্যাশা।

কবিতা, গল্প আর নিবন্ধের সাথে রয়েছে 'প্রতর্ক্য' ও 'মনের ঘুড়ি' বিভাগ; যেখানে স্থান পেয়েছে অন্তরবাদ্যি বাজানো তিনটি লেখা। লেখক পরিচিতি দেয়া হয়েছে নতুন আঙ্গিকে। পাঠকদের কাছ থেকে লেখা আহবান করার পাশাপাশি মতামতও চাওয়া হয়েছে।

ওয়েব ডিজানিংসহ সামগ্রিকভাবে যথেষ্ঠ প্রতিশ্রুতির ছাপ রয়েছে বীক্ষণের প্রথম সংখ্যায়। এ প্রত্যয়ের উপর ভিত্তি করেই আগামীতে বীক্ষণ তার নিজস্ব অবস্থান সৃষ্টি করে নিবে। ঝকঝকে অফসেটে ছাপা লিটল ম্যাগ যখন ব্যবসায়িক স্বার্থবৃত্তির অভিযোগে হারিয়ে যেতে বসেছে, অনলাইনে রুচিশীল সাহিত্য পত্রিকার সংকট যখন প্রকট হয়ে উঠেছে - তখন বীক্ষণ বেঁচে থাক আগামীর দিন গুলোয়, সৃজনশীলতার নতুন মাত্রায়।
আনোয়ার সাদাত শিমুল, থাইল্যান্ড
 


মতামত পাঠাবার ঠিকানাঃ beekkhan@gmail.com

অথবা আলোচনার জন্যে চলে আসুন আমাদের ফোরামে।

 

 

 

 

 

 
counter